রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মানুষের জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক মুহূর্ত হলো প্রিয়জন হারানো। শোকের সেই মুহূর্তে অনেক সময় মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় লাশ পরিবহনের আকাশচুম্বী খরচ। এই অমানবিক প্রথা ভেঙে দিয়ে রাজশাহীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি। “লাশ নিয়ে ব্যবসা নয়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে তিনি চালু করতে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা।এই সেবাটি যেন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সেজন্য ইতোমধ্যে অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছেন রফিকুল ইসলাম রবি। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এসব আলোচনায় অ্যাম্বুলেন্স মালিকরা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত কাঠামোর মধ্যে শোকাহত পরিবারগুলোকে এই ফ্রি সেবা প্রদান করা হবে।যুবনেতা রফিকুল ইসলাম রবি তার প্রতিক্রিয়ায় বলেন: “প্রিয়জন হারানোর শোকে যখন একটি পরিবার দিশেহারা থাকে, তখন লাশ পরিবহনের জন্য আর্থিক চাপ আসাটা অত্যন্ত অমানবিক। আমি দেখেছি অনেক পরিবার এই খরচ মেটাতে গিয়ে কতটা অসহায় হয়ে পড়ে। এই কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। অন্তত শেষ বিদায়টুকু যেন সম্মানের সঙ্গে এবং বিনা খরচে হয়, সেই লক্ষ্যেই আমার এই পথচলা। এটি কোনো দয়া নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব।”তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।অ্যাম্বুলেন্স মালিকদের ইতিবাচক সাড়াঅ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, পেশাগত কারণে তারা প্রতিদিন মানুষের অসহায়ত্ব কাছ থেকে দেখেন। অতিরিক্ত ভাড়ার কারণে পরিবারগুলোর দুর্ভোগ তাদেরও ব্যথিত করে। তাই মানবিক দিক বিবেচনা করে তারা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে এই ফ্রি সার্ভিস দিতে সম্মত হয়েছেন। তাদের মতে, রাজশাহীতে লাশ নিয়ে ব্যবসায়িক মানসিকতা বন্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের খবর জানাজানি হওয়ার পর থেকে রাজশাহী নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, মানুষের সেবায় এমন নিঃস্বার্থ উদ্যোগ সমাজের অন্যান্য স্তরেও অনুপ্রেরণা জোগাবে।উল্লেখ্য, মানবিকতা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্বর্ণ-স্বাক্ষর রাখতে যাচ্ছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। ইতোমধ্যে তিনি মানবিকতা পথশিশু, মসজিদের বিদ্যুৎ বিল, ফ্রী ওয়াইফাই জোনসহ নানাবিধ সামাজিক কাজের মাধ্যমে প্রশংসা কুঁড়িয়েছেন।




নিউইয়র্কে ভাসানী সম্মেলন ১৯ সেপ্টেম্বর -জাতিসংঘের মাধ্যমে ফারাক্কা সমস্যার সমাধান দাবী

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

,পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সভাপতি মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত এবং জাতিসংঘের মাধ্যমে ফারাক্কা সমস্যার সমাধানের জন্য বিএনপি সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবী জানানো হয়। গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টরেন্টে অনুষ্ঠিত সংগঠন দুটির যৌথ সভায় উপরোক্ত সিদ্ধান্ত ও দাবী জানানো হয়। উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যেই ‘ভাসানী সম্মেলন’ আয়োজন করা হবে। খবর আইবিএননিউজ।যৌথ সভার প্রথম পর্বে ভাসানী ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক আলী ইমাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের সঞ্চালনায় সভায় আইএফসি’র চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান ও মহাসচিব মোহাম্মদ হোসেন খান, ভাসানী সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ,সংগঠনের উপদেষ্টা এবিএম ওসমান গনি,সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃওয়াজেদ আলীখান,কলামিস্ট ও বিশিষ্ট সাংবাদিক সাঈদ তারেক,নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও বিশিষ্ট টিভি সাংবাদিক রিমন ইসলামসহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কাজী আজহারুল হক মিলন,খন্দকার ফরহাদ, এডভোকেট মজিবুর রহমান, আব্দুর রহীম হাওলাদার, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, এসএম ফেরদৌস, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সালেহ আহমেদ মানিক প্রমুখ বক্তব্য রাখেন।সভায় বক্তারা মাওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশের একমাত্র সর্বজনীন নেতা। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২৭ শে মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনার পাঠক ফৌজি রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দলমত নির্বশেষে সকল নেতা-কর্মী তাঁকে সম্মান করতেন, ভালবাসতেন মজলুম জননেতা মওলানা আবদুল হাসিব খান ভাসানী।বক্তারা সম্মিলিতভাবে ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্মকে ভাসানী সম্পর্কে জানানোর পাশাপাশি বিশ্ব দরবারে ভাসানীকে তুলে ধরার সুযোগ হবে। সভায় কোন কোন বক্তা মাওলানা ভাসানীর উপর ডকুমেন্টারী তৈরী ও প্রচারের উপরও গুরুত্বারোপ করেন।সভায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের জানান, ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করতে ইতিপূর্বে বিশিষ্ট ব্যবসায়ীও মুলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ-কে চেয়ারম্যান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে অচিরেই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি আরো জানান, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আজিজুল হক মুন্না সক্রিয় না থাকায় এবং কার্যকরী সদস্য পারভেজ সাজ্জাদ ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে সক্রিয় থাকা সম্ভব নয় বলে, উভয়কে স্ব স্ব দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে এবং তাদের স্থলে এম এ বাসেত ও বেলাল চৌধুরী-কে কো-অপ্ট করা হয়েছে। তিনি আরো জানান, আসন্ন সম্মেলনে ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হবে।সভাপতির বক্তব্যে আলী ইমাম বলেন, মাওলানা ভাসানী আমাদের সবার নেতা এবং শ্রদ্ধার মানুষ। আজকের সভার উপস্থিতিই প্রমান করে যে, দেশের মানুষের মতো প্রবাসীরাও গভীর শ্রদ্ধায় স্মরণ করে। তিনি বলেন, আমরা সবাই মিলেই ভাসানী সম্মেলন সফল করবো। এজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।সভার দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান। এই পর্ব পরিচালনা করেন আইএফসি’র মহাসচিব মোহাম্মদ হোসেন খান।এসময় সৈয়দ টিপু সুলতান সম্প্রতি তার বাংলাদেশ সফর ও আইএফসি’র কর্মসূচী নিয়ে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক, সভা-সমাবেশের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের সাহায্য ছাড়া ফারাক্কা সমস্যার সম্ভব নয়, তাই তিনি জাতিসংঘের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য বিএনপি সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবী জানান।যৌথ সভায় গভীর শ্রদ্ধার সাথে আইএফসি’র সাবেক চেয়ারম্যান মরহুম আতিকুর রহমান সালু-কে স্মরণ করা হয়। সভায় সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জসিম উদ্দিন ভূঁইয়া, এম এ বাসেত, শ্যামল সরকার, মোহাম্মদ সাদেক, আহসান হাবীব, মাহমুদুল হক দুলাল ও এমএ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।




রামপালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ডজনখানেক

মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল( বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে একটি মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছে। শনিবার (০২ মে) রাত ৯ টায় উপজেলা ভাগা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে রামপাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, ভাগার সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। রাত প্রায় ২ টা পর্যন্ত ভাগাতে তিনি অবস্থান করা কালিন সময়ে অফিস ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের বাড়ির সামনের সরকারি রাস্তায় উত্তেজনা দেখা গেলেও কোনো হামলার ঘটনা ঘটেনি। হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ভাগা বাজারের পাহারারত ব্যাক্তিদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে। অফিস ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষের কেহই রামপাল থানায় লিখিতভাবে অভিযোগ করেনি।মোঃ আকাশ উজ্জামান শেখরামপালে, বাগেরহাট ০১৯৯২০৯০০৭৪