নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব-২০২৬।দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দেশীয় ফল চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ ই জুলাই) বিকেলে বিদ্যালয় হলরুমে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) ড. শাহনওয়াজ দিলরুবা খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশীয় ফল শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এটি পুষ্টি ও সুস্বাস্থ্যের অন্যতম উৎস। শিশুদের মাঝে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ফাস্টফুডের প্রতি ঝোঁক কমিয়ে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুললে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।”এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, সাবেক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন দর্জি, শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনী, ফলের পুষ্টিগুণ নিয়ে আলোচনা এবং শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে নানা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলের গাছ রোপন করেন।




ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান

মো পজিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক ঝটিকা অভিযান চালিয়ে মাহিন (২৫) নামের এক যুবককে আটক করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি চৌকস দল পূর্ব গোয়ালপাড়া এলাকায় মাহিনের বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করে।অভিযানকালে তার বাড়ি তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি মাহিনকে ১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর অভিযান চলমান থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।