কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
তাপস চন্দ্র সরকার কুমিল্লা।।
পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার কুমিল্লা মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লা শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
জন্মাষ্টমী উপলক্ষে সকাল ৮টায় নগরীর রাণীর বাজার রোডস্থ শ্রীশ্রী রাসস্থলী @ রামঠাকুর আশ্রমের প্রধান ফটকের সামনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরে যাবে। পরবর্তীতে শোভাযাত্রাটি নগরীর কান্দিরপাড়-লাকসাম রোডস্থ মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে এসে শেষ হবে।
এদিন বিকেল ৫টা থেকে মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে গীতা পাঠ, ধর্মসভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজন।
আয়োজক কমিটির আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা ও সদস্য সচিব দীলিপ কুমার নাগ কানাই পবিত্র জন্মাষ্টমীর এ মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী সকলকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।