নিউইয়র্ক গভর্নর পদে হোকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস
হাকিকুল ইসলাম খোকন
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কেটি হোকুল তাঁর দ্বিতীয় পূর্ণ মেয়াদের নির্বাচনী লড়াইয়ে রানিং মেট হিসেবে সাবেক নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস-কে মনোনীত করেছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে হোকুল তাঁর নির্বাচনী টিকিটে আঞ্চলিক ও রাজনৈতিক ভারসাম্য জোরদার করলেন।৬৫ বছর বয়সী অ্যাড্রিয়েন অ্যাডামস ২০২৫ সালের ডিসেম্বরে চার বছর দায়িত্ব পালনের পর নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান। হোকুল ও অ্যাডামস—উভয়ই রাজনৈতিকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত। তবে অ্যাডামসের অন্তর্ভুক্তি বিশেষভাবে নিউইয়র্ক সিটির দক্ষিণ-পূর্ব কুইন্স এলাকার ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে হোকুলের অবস্থান আরও শক্তিশালী করবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।গত ৪ ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন গভর্নর হোকুল। তিনি অ্যাড্রিয়েন অ্যাডামসকে “একজন যোদ্ধা” হিসেবে আখ্যায়িত করে বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে তিনি সক্ষম। এ নিয়ে এই প্রথমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে কোনো প্রধান রাজনৈতিক দলের টিকিটে গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর—উভয় পদে দুই নারী প্রার্থী একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এক বিবৃতিতে হোকুল বলেন, “অ্যাড্রিয়েন জানেন কঠোর পরিশ্রমের মূল্য কী এবং যারা সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন বোধ করেন, তাদের পাশে কীভাবে দাঁড়াতে হয়। নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার হিসেবে তিনি পরিবার সুরক্ষা, সাশ্রয়ী আবাসন, শিশুদের জন্য বিনিয়োগ এবং শহরের ক্ষতি করতে চায়—এমন যে কারও বিরুদ্ধে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন।”অন্যদিকে, মনোনয়ন পেয়ে অ্যাড্রিয়েন অ্যাডামস সম্মানিত বোধ করছেন বলে জানান।এই ঘোষণার মধ্য দিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হলো। এর আগে হোকুল নিউইয়র্ক সিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক নেতাকে সম্ভাব্য রানিং মেট হিসেবে বিবেচনা করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচিত হলে অ্যাড্রিয়েন অ্যাডামস হবেন গভর্নর হোকুলের তৃতীয় লেফটেন্যান্ট গভর্নর।উল্লেখ্য, এর আগে লেফটেন্যান্ট গভর্নর ব্রায়ান বেঞ্জামিন ঘুষের মামলায় গ্রেপ্তার হওয়ার পর পদত্যাগ করেন, যদিও পরবর্তীতে মামলার প্রধান সাক্ষীর মৃত্যুর কারণে অভিযোগ প্রত্যাহার করা হয়। ২০২২ সালে হোকুল সাবেক কংগ্রেস সদস্য অ্যান্টোনিও ডেলগাডো-কে রানিং মেট হিসেবে মনোনীত করেছিলেন। তবে বর্তমানে তিনি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হোকুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ডেলগাডো বুধবার ঘোষণা দেন, বাফেলোর নার্স ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত ইন্ডিয়া ওয়ালটন তাঁর রানিং মেট হবেন। ডেলগাডো-ওয়ালটন জুটি আগামী ৬ ফেব্রুয়ারি সিরাকিউজে অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক পার্টি কনভেনশনে সমর্থন আদায়ের চেষ্টা করবে।ডেলগাডো বলেন, “আমি তাঁর আবেগ, লড়াকু মনোভাব এবং নৈতিক আদর্শের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল।”
