সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের নরসিংহ পূর্ববাদ মৌজায় সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে আশপাশের ফসলি জমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক মাহবুব আলম।অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব অষ্টগ্রাম (কবিরখান্দান) এলাকার বাসিন্দা মাহবুব আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন। তার অভিযোগ, একই এলাকার বাচ্চু মিয়া, মিজান মিয়া (ড্রেজার চালক) ও বাবলু মিয়া দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে জোরপূর্বক ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কাটছেন।তিনি জানান, উক্ত খাস জমির পাশে তার গুরুত্বপূর্ণ ফসলি জমি রয়েছে। ড্রেজারের মাধ্যমে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তার আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষি ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে।মাহবুব আলম আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি বাধা দিতে গেলে তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।এদিকে, সরকারি খাস জমিতে অবৈধ হস্তক্ষেপের ফলে রাষ্ট্রীয় সম্পদেরও অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে জানা যায়, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।তবে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল অন্য কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে কৃষিজমি ও পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।