Dhaka Edge

মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

image_pdfimage_print

.ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর আওতাধীন মোংলা সমুদ্র বন্দর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করেছে। বন্দর সূত্রে জানা গেছে, জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমন করে এবং এসব জাহাজ থেকে মোট ২১ হাজার ৬৫১ টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।এ পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল, যা চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই অতিক্রম করেছে বন্দর কর্তৃপক্ষ।একই সময়ে মোট ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে নোঙর করে। এ সময়ের মধ্যে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। পাশাপাশি কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ০৩ শতাংশ বেশি।বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠিত হয়েছে। নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের দায়িত্বশীল নেতৃত্বে মোংলা বন্দরে জাহাজ আগমন ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের এখনো পাঁচ মাস বাকি থাকলেও ইতোমধ্যে গত অর্থবছরের মোট কন্টেইনার হ্যান্ডলিং ছাড়িয়ে গেছে বন্দরটি।বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 ও HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এসব বার্থে ৯ দশমিক ০০ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে কার্গো অপারেশন সম্পন্ন করেছে। এখন থেকে এসব বার্থে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ০০ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ পরিচালনা সম্ভব হবে।বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ ও এলপিজিসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে। অন্যদিকে সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড়সহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *