Dhaka Edge

হাওরের উন্নয়নে স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি জোরালো: ফাইয়াজ হাসান বাবুর প্রস্তাবে আলোড়ন।

image_pdfimage_print

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

দেশের খাদ্য নিরাপত্তা ও মৎস্য সম্পদের অন্যতম প্রধান ভাণ্ডার হাওর অঞ্চল। অথচ প্রতিবছর আগাম বন্যা, ফসল রক্ষা বাঁধের দুর্বলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখানকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই বাস্তবতায় হাওরের সার্বিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পৃথক ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি নতুন করে সামনে এনেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।সম্প্রতি এক বিশেষ বার্তায় তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে হাওরের অবদান অনস্বীকার্য। দিগন্তজোড়া বোরো ধান দেশের খাদ্য চাহিদার বড় অংশ পূরণ করে, পাশাপাশি সমৃদ্ধ মৎস্য সম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবুও দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন কাঠামোর অভাবে এ অঞ্চল পিছিয়ে রয়েছে।তিনি উল্লেখ করেন, পাহাড়ি অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় থাকলেও কৃষিনির্ভর হাওরাঞ্চলের জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো নেই। ফলে উন্নয়ন কার্যক্রম বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। একটি আলাদা মন্ত্রণালয় গঠিত হলে হাওরের কৃষি, মৎস্য, অবকাঠামো ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।ফাইয়াজ হাসান বাবু আরও বলেন, হাওরবাসী বিশ্বাস করে তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার এই জনপদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম। রাষ্ট্র সংস্কার ও সুষম উন্নয়নের যে রূপরেখা তিনি দিয়েছেন, তার আলোকে হাওরাঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। তাঁর দূরদর্শী নেতৃত্বে কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিশেষায়িত মেডিকেল কলেজ এবং ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর দীর্ঘ রাজনৈতিক অবদান ও হাওরের অধিকার আদায়ে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করা হয়। তাঁকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলে হাওরের সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান ও সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে বলে দাবি করা হয়।অষ্টগ্রামসহ বৃহত্তর হাওরাঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা—সরকার দেশের এই গুরুত্বপূর্ণ জনপদকে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পৃথক মন্ত্রণালয় গঠিত হলে কৃষি ও মৎস্য সম্পদের আধুনিকায়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই এখন হাওরবাসীর দৃঢ় বিশ্বাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *