গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর লাশ
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে নুরমা নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিকেলে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা নজরুল ইসলাম অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার মেয়েকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রেখে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

