
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের মাঝে ফুটবল বিতরণ করেছে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)।‘মাঠে থাকুক তরুণরা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকদের হাতে ফুটবল তুলে দেন ফাহমিদুল ইসলাম মোল্লা রানা। এ সময় উপস্থিত ছিলেন শ্রী জয় চন্দ্র বিলাশসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দলগত মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তরুণদের মাঠমুখী করতে এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।সংগঠনের নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা বলেন, “তরুণদের মধ্যে ইতিবাচক চর্চা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের স্বেচ্ছাসেবকরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও নিজেদের বিকশিত করবে বলে আমরা আশা করি।”কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশ বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার জরুরি। সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।”ফুটবল পেয়ে স্বেচ্ছাসেবকরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও সক্রিয় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

