জলাশ পাহান পোরশা প্রতিনিধি
পোরশা উপজেলার শীতলী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, শীতলী গ্রামের মিতপুর এলাকায় রাশেদুল ইসলামের পারিবারিক কবরস্থানে একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় সেখান থেকে প্রায় ১৩৭ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীন যুগের মূল্যবান প্রত্নসম্পদ। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে এটি গোপনে সংরক্ষণ করা হয়েছিল বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক বাজারে এর মূল্য কোটি টাকা হতে পারে বলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন।বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়রা জানান, এলাকায় মাঝেমধ্যে প্রাচীন নিদর্শন উদ্ধারের খবর শোনা যায়। উদ্ধার হওয়া কষ্টিপাথরের এই বিষ্ণু মূর্তিটি যথাযথ সংরক্ষণ ও গবেষণার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

