Dhaka Edge

হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

image_pdfimage_print

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে এক হিন্দু পরিবারের বসতবাড়ি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখা।রবিবার (৭ জুন) দুপুরে জেলা শহরের কালীবাড়ি এলাকার সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে দাবি করা হয়, বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোড সংলগ্ন এলাকায় ক্রয়কৃত সম্পত্তিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি কয়েকজন ব্যক্তি তার জমি ও বসতভিটার ওপর দাবি করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়।এতে আরও বলা হয়, জমিটি নামমাত্র মূল্যে বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠানেও গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, একটি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণের পর বিষয়টি আইনানুগভাবে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *